আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান
নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি//
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনে অংশ নিতে যাচ্ছেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং স্টার্ট বাংলাদেশ হাবের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান।
নভেম্বর মাসে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি এবং জাতিসংঘের জলবায়ু সম্মেলন ছাড়াও থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের সভায় অংশ নেবেন তিনি।
এসব আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা কার্যক্রম, স্থানীয় নেতৃত্বের বিকাশ, দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতা আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে।
স্টার্ট নেটওয়ার্কের অ্যাসেম্বলি ও ট্রাস্টি নির্বাচন ৩ থেকে ৫ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি। ‘সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে নেটওয়ার্কের শক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনের প্রথম দিন (৩ নভেম্বর) বার্ষিক সাধারণ সভায় মেম্বার ট্রাস্টি পদে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. শহীদ উজ জামান।
এই নির্বাচনে তাঁর অন্যতম অগ্রাধিকার থাকবে—স্থানীয় প্রতিষ্ঠানের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধি, জবাবদিহি নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় সংগঠনগুলোর ন্যায্য অর্থায়ন ও অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ করা।
এ ছাড়া ৫ নভেম্বর ‘ওয়ার্ল্ড ক্যাফে’ শীর্ষক আলোচনায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) অনুমোদিত এনজিও-এমএফআই যৌথ তহবিল গঠনে স্টার্ট বাংলাদেশ হাবের উদ্যোগ, এর ইতিবাচক প্রভাব এবং দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে দেশীয় সম্পদের কার্যকর ব্যবহারের সম্ভাবনা তুলে ধরবেন তিনি। একই দিনে বাংলাদেশের মানবিক সহায়তা কার্যক্রমের প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিয়ে একটি বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্যও তাঁকে আমন্ত্রিত করা হয়েছে।
জলবায়ু সম্মেলন, সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন
জাতিসংঘের জলবায়ু সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে ৯ থেকে ১৪ নভেম্বর অংশ নেবেন ড. মুহম্মদ শহীদ উজ জামান।
১৩ নভেম্বর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ফ্রম লস অ্যান্ড ড্যামেজ টু লোকাল রেজিলিয়েন্স’ (ক্ষয়ক্ষতি থেকে স্থানীয় সহনশীলতায় রূপান্তর) শীর্ষক আয়োজনে ইএসডিও-র প্রতিনিধিত্ব করবেন তিনি। এতে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে টেকসই সহনশীলতা গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা উপস্থাপন করা হবে।
পরদিন ১৪ নভেম্বর ‘এভিডেন্স ফর ক্লাইমেট অ্যাকশন’ (ই৪সিএ)-এর একটি অধিবেশনে ‘ফ্রম ভালনারেবিলিটি টু এজেন্সি’ শিরোনামে একটি গবেষণাভিত্তিক উপস্থাপনা দেবেন তিনি। জামালপুরের জলবায়ু ঝুঁকিতে থাকা নারীদের ওপর ড. মুহম্মদ শহীদ উজ জামান ও ড. সেলিমা আখতারের যৌথ গবেষণার আলোকে এতে নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সম্পদ ও সেবায় প্রবেশাধিকার এবং জেন্ডার-সংবেদনশীল জলবায়ু অভিযোজনের বিষয়গুলো গুরুত্ব পাবে। উল্লেখ্য, এই গবেষণাটি ২০২৫ সালে আন্তর্জাতিক সাময়িকী ‘এমওজে পাবলিক হেলথ’ (MOJ Public Health)-এ প্রকাশিত হয়।
এ ছাড়া ১১ নভেম্বর নারী নেতৃত্ব ও জলবায়ু উদ্যোগবিষয়ক একটি অধিবেশনে এবং ১২ নভেম্বর সুন্দরবন অঞ্চলে প্রকৃতিভিত্তিক অভিযোজন নিয়ে সিএনআরএস ও সিসিবিডিবি আয়োজিত পৃথক কর্মসূচিতেও তিনি অংশ নেবেন।
ব্যাংককে সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক নেতৃত্ব সভা
তুরস্কের কর্মসূচি শেষে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের (আরএলটি) সভায় যোগ দেবেন ড. শহীদ উজ জামান।
ব্যাংককের মুভেনপিক বিডিএমএস ওয়েলনেস রিসোর্টে আয়োজিত এই সভায় এশিয়া অঞ্চলের নেতৃত্বস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ইএসডিও-র দীর্ঘদিনের উন্নয়ন কার্যক্রম, অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরবেন তিনি।
উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইএসডিও দীর্ঘদিন ধরে দারিদ্র্য বিমোচন, শিশু অধিকার প্রতিষ্ঠা, মানবিক সহায়তা, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু অভিযোজন নিয়ে কাজ করে আসছে।
আন্তর্জাতিক এসব গুরুত্বপূর্ণ আয়োজনে ড. মুহম্মদ শহীদ উজ জামানের অংশগ্রহণ বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়ন উদ্যোগ, মানবিক সহায়তা কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতাকে বিশ্বপরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারত্ব সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।