চব্বিশের জুলাই-আগস্ট ১ম বার্ষিকী উপলক্ষে অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মামুনুল হক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু ইউসুব, শাখা ছাত্রদলের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন,"ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল, সেসময় যেমন দেশের স্বার্থে আমরা এক হয়েছিলাম, সবসময়ই দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,"আপনি গণতন্ত্রের কথা বলেন, ন্যায়ের কথা বলেন গত ১৫ বছর এই সুযোগ দেয়া হয় না। স্বাধীনভাবে কথা বলার সার্টিফিকেট আপনাকে জুলাই শহিদেরা এনে দিয়েছে। জালিমের হাত থেকে বাচাতে বুলেটের সামনে বুক পেতে রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা ভোগ করছি। প্রায় ১৬৮১ জন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের এ জুলাই বিপ্লব সফল হয়েছে। কতো মানুষ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, আহত হয়েছে তাদের রক্তের সাথে গাদ্দারি করা যাবে না। জুলাই বিল্পবের সময় যখন ফ্যাসিস্ট হাসিনা সমস্ত মিডিয়া বন্ধ করে হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলো তখন তাদের মুখে থুথু দিয়েছিল। এইসব জালিমদের আবার পুনর্বাসন করা মানে শহিদদের রক্তের সাথে বেইমানি করা। যারা জুলাইয়ে নিহত হয়েছে তাদের মতো আত্মত্যাগ করার সাহস আপনার আমার নাই কিন্তু তারা করে গেছে। জুলাই বিরোধী কিছু করা মানে শহিদদের রক্তের সাথে গাদ্দারি করা। জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবার ও আত্মীয় স্বজনদের কোনো সদস্য আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় তাদেরকে বিশেষ সুবিধা দিবে।"