ইবিতে ফের টানালো সরকারের ২০০ দিনের ব্যর্থতার ব্যানার
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিএনপি সরকারের ২০০ দিনের যত ব্যর্থতা’ শিরোনামে টাঙানো ব্যানার সরিয়ে ফেলার পর নতুন করে আবারও একটি ব্যানার টাঙিয়েছে শাখা জাতীয় ছাত্রশক্তি।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় ব্যানারটি টাঙায় সংগঠনের নেতাকর্মীরা।
শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান ব্যানার সরিয়ে ফেলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্বায়ী করে বলেন, সরকারের সমালোচনা করা আমাদের গণতান্ত্রিক অধিকার। একটি ব্যানার ছিঁড়ে ফেলে আপনাদের ছয় মাসের যে অসীম ব্যর্থতা, সে ব্যর্থতা কখনোই ঢাকতে পারবেন না। এই ব্যর্থতা প্রত্যেকটি নাগরিকের মস্তিষ্কে ক্ষোভ আকারে লেখা আছে, যা দ্রুতই বিস্ফোরিত হবে।
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকটি ছাত্রসংগঠনকে নিয়ন্ত্রণ করার পাঁয়তারা করছে। তারা বিভিন্ন ভয়ভীতি, প্রলোভন দেখিয়ে প্রত্যেকটি ছাত্রসংগঠনকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে। যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নৈতিক দাবি-দাওয়া, সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলা বোল্ড অবস্থান না নিতে পারে।
তিনি আরও বলেন, আমাদেরকে যদি আপনারা শোকজ বা বহিষ্কারের কোনো চিন্তা করে থাকেন, করতে পারেন। আমাদেরকে আপনারা যেকোনো কিছুই করতে পারেন, কারণ আমরা মৃত্যুকে দেখে এসে আজকে এখানে দাঁড়িয়েছি। জুলাইয়ের রক্তস্নাত রাজপথ থেকে আমরা উঠে এসেছি। আপনারা নব্য স্বৈরাচার হয়ে ওঠার যে চেষ্টা চালাচ্ছেন, তার বিচার বাংলাদেশের নাগরিকরা করবে। ইবির যে ২০ হাজার শিক্ষার্থী আছে, তারা করবে।
প্রসঙ্গত, শাখা ছাত্রদলের উদ্যোগে সরকারের ছয় মাসের সফলতার ব্যানার টাঙানোর পরে সোমবার ক্যাম্পাসের ঝাল চত্বরে বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা নিয়ে একটি ব্যানার টাঙ্গায় শাখা জাতীয় ছাত্রশক্তি। এরপর প্রশাসনের পক্ষ থেকে ১ ঘণ্টার মধ্যে ব্যানার খুলে ফেলার নির্দেশের পর ব্যানারটি আর খুঁজে পাওয়া যায়নি। তবে কারা ব্যানারটি খুলে নিয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।