নিঝুম দ্বীপকে সিটিতে রূপ দিবো ইনশাআল্লাহ: এনসিপি নেতা রুবেল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মতো নোয়াখালীর উপকূলীয় ও বিচ্ছিন্ন জনপদ নিঝুম দ্বীপেও রাজনৈতিক তৎপরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় নোয়াখালীর হাতিয়া উপজেলার সম্ভাবনাময় এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি (NCP) নেতা মো: রুবেল উদ্দিন।
নির্বাচনে অংশগ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তরুণ এই রাজনৈতিক নেতা বলেন, “নিঝুম দ্বীপকে সিটিতে রূপ দিবো ইনশাআল্লাহ।” তাঁর এই ঘোষণা ও আধুনিকায়নের প্রত্যয় ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক মহল এবং সাধারণ ভোটারদের মাঝে বেশ আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং প্রত্যন্ত এই দ্বীপ অঞ্চলের অবকাঠামোগত ও কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। বিশেষ করে দ্বীপবাসীর নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ এবং স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে নিঝুম দ্বীপকে একটি আধুনিক ও মডেল জনপদে রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য।
তৃণমূল মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর কার্যকর সমাধানে মো: রুবেল উদ্দিনের প্রার্থিতা নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তাঁর কর্মী ও সমর্থকরা।
এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে নিঝুম দ্বীপের হাটবাজার ও চায়ের দোকানগুলোতেও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। কে হবেন আগামী দিনের নিঝুম দ্বীপ ইউনিয়নের কাণ্ডারি এবং কার নেতৃত্বে দ্বীপবাসীর ভাগ্যের পরিবর্তন ঘটবে—তা দেখার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় ভোটাররা।