শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক
মশিউর রহমান রাজশাহী ব্যুরো:
রাজশাহীর মোহনপুর উপজেলার করিষা গ্রামে শেফালী বেগম (৪২) নামে এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আঃ রাজ্জাক (৫০)কে আটক করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আঃ রাজ্জাক মোহনপুর উপজেলার করিষা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে করিষা গ্রামে বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করে পুলিশ। পরবর্তীতে মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও নানা দিক চুলচেরা বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে আঃ রাজ্জাককে শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় রবিবার সকালে মোহনপুর থানা পুলিশ ও এসআরবি সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, তদন্তের স্বার্থে এই মুহূর্তে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।