
‘পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও করনীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত:
মো: সাইফুল আলম সরকার, ঢাকা:
পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে দূর্ঘটনা জনিত কারণে মৃত্যুর ক্ষেত্রে এককালীন ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক বিশ্ব দিবস—২০২৬ উপলক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মীদের বিভিন্ন সংকট, সমস্যা ও পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং তা সমাধানে করণীয় নির্ধারনের উদ্দেশ্যে নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর আয়োজনে অদ্য ২৮ এপ্রিল, ২০২৬ (মঙ্গলবার) রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও করনীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট ফর লেবার স্টাডিজ (বিলস্) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এর স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর নির্বাহী পরিচালক (সাম্মানিক) ব্যারিস্টার সারা হোসেন, ব্লাস্টের পরিচালক (আইন) এডভোকেট মোঃ বরকত আলী, দলিত নারী ফোরামের সাধারণ সম্পাদক মনি রানী দাস, স্যানিটেশন ওয়ার্কার্স ফোরাম এর আহবায়ক গগণ লাল। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ এর প্রধান নির্বাহী জাকির হোসেন। সভায় সভাপতিত্ব করেন বিডিইআরএম এর সভাপতি উত্তম কুমার ভক্ত।
সভার শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন বিডিইআরএম এর সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস। মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন ওয়ারী সিটি কলোনীর প্রতিনিধি আনন্দ, গাবতলী সিটি কলোনীর প্রতিনিধি এম. রাজা, তেলুগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি’র সাধারণ সম্পাদক ইউ.কে. নন্দন জয়, গোপীবাগ সিটি কলোনীর প্রতিনিধি মনি রাণী, বাংলাদেশ স্যানিটেশন ওয়ার্কার্স ফোরামের সদস্য মো: কুদ্দুস ফরাজী, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর সভাপতি চাঁনমোহন রবিদাস, জাত—পাত বিলোপ জোট এর সদস্য এডভোকেট উৎপল বিশ্বাসসহ বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীগণ। এ বছর ‘কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক বিশ্ব দিবস’ এর মূল প্রতিপাদ্য হলো “নিরাপদ কাজ, স্বাস্থ্যকর কর্মক্ষেত্র: কর্মক্ষেত্রে মনস্তাত্ত্বিক ঝুঁকি মোকাবেলা”। অর্থাৎ সকলের জন্য একটি স্বাস্থ্যকর মনস্তাত্ত্বিক কর্মপরিবেশ নিশ্চিত করা।