
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পৃথক পৃথকভাবে কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।
নবগঠিত কমিটিগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. আবুল কালাম।
ব্যবসায়িক অঙ্গনেও আবুল কালাম সুপরিচিত একটি নাম। তিনি দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ-এর সর্বশেষ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডারের দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এর আগে ২০১২-১৩ মেয়াদে বিজিএমইএ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০১১-১২ ও ২০১২-১৩ মেয়াদে উত্তরা ক্লাবের সভাপতি হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
শিল্প ও ব্যবসা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং নেতৃত্বের কারণে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।