
বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন—এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ইউনিটের উদ্যোগে ৫১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও নবীন কর্মী সংগ্রহের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে এই সংগঠনটি তিন শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে। এই কর্মসূচি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত চলে।
এ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা এবং সংগঠনটির সক্রিয় কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন একটি ভালো উদ্যোগ এবং প্রত্যেকেরই উচিত নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানা। চিকিৎসা ক্ষেত্রে রক্তের গ্রুপ জানা অতীব জরুরি। বাঁধনের এরূপ সমাজসেবামূলক কাজ অবশ্যই প্রশংসার যোগ্য।
সংগঠনটির সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন তৌকির বলেন, প্রতি বছরের ন্যায় বাঁধন বুটেক্স ইউনিট এ বছর বিশ্ববিদ্যালয়ের নবীনতম ব্যাচের শিক্ষার্থীদের জন্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো আমরা যেন আরও রক্তদাতা সংগ্রহ করতে পারি, যা পরবর্তীতে রক্তের চাহিদা পূরণে আমাদের সহায়তা করবে। আশা করি বাঁধন বুটেক্স ইউনিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও এর বাইরের সকলেই উপকৃত হবে।
সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, এ আয়োজন নবীনদেরকে রক্তদানের মতো মহৎ কাজে অনুপ্রাণিত করবে।
বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করে এবং সংগঠনটির এই উদ্যোগকে সাধুবাদ জানায়।
নবীন শিক্ষার্থীদের মধ্যে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থী ইফতেখার হোসেন লাবিব বলেন, বাঁধনের আজকের কর্মসূচির মাধ্যমে সহজেই আমার রক্তের গ্রুপ জানতে পেরেছি। হাসপাতালে গিয়ে রক্তের গ্রুপ নির্ণয় একটি সময়সাপেক্ষ বিষয়। কিন্তু অল্প সময়ের ব্যবধানে বাঁধনের কর্মীরা আমাদের রক্তের গ্রুপ নির্ণয় করেছে। বাঁধন বুটেক্স ইউনিটের এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।