এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে (৮ ফেব্রুয়ারি) রবিবার এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম। তিনি বলেন, আমি আজ আপনাদের কাছে নতুন করে ভোট চাইতে আসিনি। গত ২৬ বছর আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের নিয়েই বিএনপির রাজনীতি করেছি। দীর্ঘ সময় ধরে আপনারাই আমাকে গড়ে তুলেছেন, আপনাদের ভালোবাসায় আমি আজকের আবুল কালাম।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল। আপনারা ধানের শীষে ভোট দিলে বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে।
তিনি দাবি করেন, ছাত্রদল থেকে যুবদল হয়ে আজ মনোহরগঞ্জে বিএনপি একটি পূর্ণাঙ্গ ও সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আবুল কালাম বলেন, নির্বাচিত হলে মনোহরগঞ্জে একটি মেগা সড়ক নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়ন করা হবে। ডাকাতিয়া নদী খননের মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়ানো হবে। পাশাপাশি এলাকায় একটি গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করা হবে, যাতে মেয়েদের শিক্ষার মান উন্নত হয়।
তিনি মনোহরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন—যেখানে উন্নত রাস্তা, ব্রিজ, কালভার্ট ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা থাকবে।
সভায় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের দোয়া ও সমর্থনই আমার শক্তি। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাবেন—এটাই আমার প্রত্যাশা।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ডাকসু সদস্য ডা. রশিদ আহমেদ হোসাইনী।
এছাড়াও বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, সহ-সভাপতি কাজী আবুল বাশার কিরণ, আবদুল হাই, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. শফিকুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সামিরা আজিম দোলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, জহিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা হাসান পাটোয়ারী,আরিফুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।