এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম-কে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত তাঁর নিজ বাসভবনে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। দিনভর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমর্থক ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা পৃথকভাবে শুভেচ্ছা জানান। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে মো. আবুল কালাম উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “লাকসাম-মনোহরগঞ্জের সার্বিক উন্নয়নে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। দলমত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি হয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম ধানের শীষ প্রতীকে ১,৬৮,১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডক্টর এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী দাড়িপাল্লা প্রতীকে পান ১,১৩,৪৫৪ ভোট।