ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। তথ্যপ্রযুক্তি নির্ভর এই যুগে ফোন ছাড়া এক ঘণ্টাও কাটানো অনেকের জন্য কঠিন। তবে অসতর্কতায় বা চুরি-ছিনতাইয়ের ঘটনায় মোবাইল ফোন হারানোর ঘটনা বাড়ছে। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের আশঙ্কাও দেখা দেয়।
এই পরিস্থিতিতে হারানো মোবাইল ফোন উদ্ধার ও সংশ্লিষ্ট অপরাধ দমনে কাজ করছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডেডিকেটেড সাইবার ও সিডিআর এনালাইসিস শাখা।
১২ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি ও কমান্ডিং অফিসার মোহাম্মদ ইকবাল বলেন, “অনেক সময় হারানো বা চুরি হওয়া ফোনের তথ্য দিয়ে ব্যবহারকারীকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়। ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা হয়। এ কারণে মোবাইলে সংরক্ষিত তথ্য এনক্রিপ্ট করে রাখা উচিত, যাতে তৃতীয় পক্ষ সহজে সেগুলো খুলতে না পারে।”
এপিবিএন-এর পরামর্শ অনুযায়ী, ফোন ব্যবহারকারীদের অবশ্যই ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর সংরক্ষণ করে রাখতে হবে। ফোন হারালে বা চুরি হলে আইএমইআই নম্বর উল্লেখ করে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। সেই জিডির কপি সরাসরি বা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৩২০-১৯৪০১৮ অথবা ০১৩২০-১৯৪০০৩) পাঠাতে হবে ১২ এপিবিএন-এ।