হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু

মোঃ খলিলুর রহমান
দৈনিক আইনের কণ্ঠ
হরিনাকুন্ডু উপজেলা প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হরিণাকুণ্ডু পৌরসভার পোলতাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের ইকরামুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়ামিন গত তিন দিন আগে হরিণাকুণ্ডু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পোলতাডাঙ্গা গ্রামে নানা রবজেল মণ্ডলের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সে তার ৫ বছর বয়সী মামাতো বোন লামিয়ার সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে দুজনেই পানিতে তলিয়ে যেতে থাকে।
দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে ইয়ামিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার পুলিশ জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।