দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধির ফলে আগামী চার দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৭ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে।
আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস:
৮ জুলাই (মঙ্গলবার): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহীর কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৯ জুলাই (বুধবার): দেশের বেশিরভাগ অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১০ জুলাই (বৃহস্পতিবার): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে এবং রংপুর ও রাজশাহীর দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১১ জুলাই (শুক্রবার): চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচদিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।