এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫নং দক্ষিণ ঝলম ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাসারের সমর্থনে স্থানীয় জনগণের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝলম গ্রামের স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে ঝলম প্রাইমারি স্কুল মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠককে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। একপর্যায়ে মানুষের উপস্থিতিতে বৈঠকস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, আবুল বাসার  দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সামাজিক ভাবে  বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের সঙ্গে তার একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। আমরা চাই ইউনিয়নে আবুল বাসারের মতো যোগ্য প্রার্থীরা এগিয়ে আসুক।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আবুল বাসার বলেন, আমি জনগণের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করতে চাই। একটি শিক্ষিত, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, শান্তিপূর্ণ এবং উন্নত ওয়ার্ড গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, আমি কোনো প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। জনগণের সঙ্গে থেকে তাদের কথা শুনে বাস্তবসম্মতভাবে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে ওয়ার্ডের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে চাই। এ জন্য তিনি ওয়ার্ড বাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

নির্বাচিত হলে এলাকার শিক্ষার মানোন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

তিনি আরও বলেন,
আজ ১নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। আপনারা আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমি মনে করি, জনপ্রতিনিধি হওয়া মানে শুধু একটি পদ নয়—এটি জনগণের সেবা করার একটি বড় দায়িত্ব।
আমি নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ৫নং দক্ষিণ ঝলম ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করব।

উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবুল বাসারকে সমর্থন জানাতে ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ অংশ নেন। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে বৈঠকস্থল হয়ে ওঠে উৎসবমুখর।