মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সহ-সভাপতি জনাব মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মাহবুবুল আলম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর জনাব মোঃ মোস্তফা আহসান হাবিব এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব গোলাম রাব্বী জাহান।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরুব্বি জনাব তুরণ মিয়া কামালী, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্য মাওলানা আতিকুর রহমান কামালীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় সুধীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, গ্রামের যুবসমাজ, শিক্ষার্থীবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সমাবেশে অভিভাবকদের পক্ষ থেকে তাঁদের অনুভূতি ও মতামত ব্যক্ত করা হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
বক্তারা বলেন, অভিভাবকের সংস্কার, শিক্ষকের আদর্শ আর শিক্ষার্থীর প্রচেষ্টা—এই তিনের সমাহার ছাড়া কোনো জাতি সুশিক্ষা লাভ করতে পারে না। সন্তানকে কেবল ভালো ছাত্র বানালেই চলবে না, তাকে একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর এই গুরুদায়িত্ব পালনে শিক্ষক ও অভিভাবককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।