ডেঙ্গু প্রতিরোধে ইবির শহীদ আনাস হল প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

ইবি প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মসূচির অংশ হিসেবে শহীদ আনাস হলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শহীদ আনাস হল প্রশাসন হলের আঙিনায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ আনাস হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল করিম। এছাড়াও হলে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী এবং আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে এসময় হলের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়ে সতর্ক থাকার জন্য শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে সচেতন করা হয়।

শহীদ আনাস হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল করিম বলেন, ডেঙ্গু এখন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। শহীদ আনাস হলকে একটি সুন্দর, পরিচ্ছন্ন হল রূপান্তরে সবার সহযোগিতা প্রয়োজন।