ইবিতে স্কলারশিপ ও ক্যারিয়ার নিয়ে সেমিনার
ইবি প্রতিনিধি
বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপের সুযোগ, বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া ও আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘Scholarship Opportunities: Study Abroad & Career Pathways’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ৩৪৪ নম্বর কক্ষে অ্যামেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো. আল-আমিন মিলন। তিনি বর্তমানে চীনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
বায়োটেনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসএম ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের উপদেষ্টা ও কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মো. মিন্নাতুল করীম। এছাড়া অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী, অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম, অধ্যাপক ড. অঞ্জনা পারভিন, অধ্যাপক ড. মো. খসরুল আলম ও অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে স্কলারশিপের জন্য প্রস্তুতি ও আবেদন প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে চূড়ান্ত বর্ষ পর্যন্ত করণীয়, চীনে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ, বিদেশে অধ্যয়নের বিভিন্ন সুযোগ, সম্পূর্ণ ও আংশিক অর্থায়িত স্কলারশিপ এবং আবেদনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি একজন শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতার আলোকে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, সম্ভাবনা ও ক্যারিয়ার পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মিন্নাতুল করীম বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সম্পর্কে সঠিক ধারণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বায়োলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আল-আমিন মিলন বর্তমানে চীনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, এটি বিভাগের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
তিনি বলেন, সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি একজন সফল সাবেক শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে তারা ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা প্রণয়নে আরও সচেতন ও প্রস্তুত হতে পারবে।