ইবি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুষ্টিয়ায় ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় যুব নেতৃত্ব বিকাশ’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’।
গত ৮-১০ অক্টোবর কুষ্টিয়ার আনজুমস কিচেনে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইবি ফোরামের উপদেষ্টা তন্ময় সাহা জয় এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি আনোয়ারুল ওয়াহাব শাহীন।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার কুষ্টিয়া জেলা ফোরাম এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইবি ফোরামের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল দ্য হাঙ্গার প্রজেক্ট, দ্য হাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চল এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার যশোর অঞ্চলের সমন্বয়ক ও জাতীয় ফোরামের সদস্য মামুন হোসেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার যশোর অঞ্চলের যুগ্ম সমন্বয়ক সুম্মা খাতুন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের প্রশিক্ষক তাহমিনা ইবনে হাশিম এবং দ্য হাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চলের সমন্বয়ক খোরশেদ আলম। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে ছিলেন অধিশ দাশ।
প্রশিক্ষণ শেষে সংগঠনটির ইবি শাখার উপদেষ্টা তন্ময় সাহা জয়, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সহ-সভাপতি ও পিএফজে-এর সমন্বয়ক শফিকুল ইসলাম এবং সুজনের সভাপতি ও পিএফজে-এর সদস্য আবু হেনা মুহাম্মদ রাসুলের উপস্থিতিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নেতৃত্ব, বহুত্ববাদ, সামাজিক সম্প্রীতি, জবাবদিহি, নাগরিক অধিকার প্রভৃতি বিষয়ে বিভিন্ন অংশগ্রহণমূলক সেশন, দলীয় আলোচনা, দলগত কার্যক্রম ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।