ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত, আটক শ্বশুর।

মোঃ খলিলুর রহমান
হরিণাকুণ্ডু সংবাদদাতা:

ঝিনাইদহের মহেশপুরে
পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম একই গ্রামের গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর-জামাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার ভোররাতে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়াল জব্দ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।