ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ সড়ক দিবস পালন
নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিআরটিএ এর আয়োজন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় এ সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. হাসান আসকারী, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের মোটরযান পরিদর্শক মো. মাহফুজ রানা এবং উচ্চমান সহকারী মো. রুস্তম আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন, ফুটপাত ব্যবহার এবং ট্রাফিক সংকেত মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক সভা শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।