ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার
নুরে আলম শাহ, প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন।
বুধবার (২১ অক্টোবর) ঠাকুরগাঁও সদর থানাধীন রিভারভিউ স্কুলসংলগ্ন টাঙ্গন নদীর ঘাট পরিদর্শনকালে তিনি বিসর্জন ঘাটের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রতিমা বিসর্জন দেখতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সুপার প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে বিসর্জন কার্যক্রম চলাকালে তিনি নিজে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা তদারকি করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে জেলা পুলিশের এ নিরাপত্তামূলক তৎপরতার লক্ষ্য ছিল নির্বিঘ্নে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং উৎসবের আনন্দ সবার মধ্যে অক্ষুণ্ন রাখা।