ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:

“নাটক মনুষ্যত্ব ও বিবেককে শাণিত করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন নাট্যকর্মী সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে। ঐতিহ্যবাহী নাট্য সংগঠন শাপলা নাট্য গোষ্ঠীর আয়োজনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলার প্রবীণ শিক্ষাবিদ ও নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মনতোষ কুমার দে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, মোবাইল ও অনলাইনে অযথা সময় নষ্ট না করে আলোকিত ও মানবিক জীবন গড়তে নাটক, সংস্কৃতি, ক্রীড়া ও পাঠাভ্যাসের মতো সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা নাট্য গোষ্ঠীর সভাপতি ও নাট্য ব্যক্তিত্ব ফজলে এলাহী মুকুট চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস এম জসিম।

কর্মশালার মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকার আরণ্যক নাট্যদলের জ্যেষ্ঠ নাট্যশিল্পী ও মিউজিক ডিরেক্টর পরিমল মজুমদার। তিনি নাটকের মঞ্চে এবং ব্যক্তিজীবনে নিজেদের যথাযথভাবে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দিচ্ছেন।

উন্মুক্ত এ কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রায় ৫০ জন অংশগ্রহণ করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালার সমাপনী দিনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফিল শাহিন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণে সম্মতি জানিয়েছেন।

আয়োজকদের আশা, এ কর্মশালার মাধ্যমে নতুন নাট্যকর্মী তৈরি হবে এবং জেলার সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে।