তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) তাহেরপুর পৌরসভার দুটি স্থানে পরিচালিত অভিযানে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।
মথুরাপুর বিলে একজনের কারাদণ্ড
বুধবার দুপুর ১২টার দিকে তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিল এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খননের অভিযোগে মো. শফিকুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নূরপুর সোলাখুড়া বিলে ৫০ হাজার টাকা জরিমানা
একই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে তাহেরপুর পৌরসভার নূরপুর সোলাখুড়া বিল এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখানে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে পুকুর খননের অভিযোগে আব্দুস সালাম (৬২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে একই আইনের ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান দুটিতে উপস্থিত ছিলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুল ইসলাম, এসআই (নি:) মো. রাব্বি ইসলাম, এসএম আব্দুল আলিমসহ বাগমারা থানা পুলিশের সদস্যরা।
এ বিষয়ে বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন,অবৈধ পুকুর খনন বন্ধে বিগত বছরগুলোর তুলনায় প্রশাসন এবার অনেক বেশি কঠোর অবস্থানে রয়েছে। যেখানে পুকুর খনন হবে সেখানে অভিযান চলবে। এক কথায় পুকুর খননের বিষয়ে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।