মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার লাকসামে প্রাণনাশের হুমকি, অশালীন গালাগাল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মনজুরুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে লাকসাম থানায় তিনি এ জিডি করেন।
জিডি সূত্রে জানা যায়, গোলাম মাহবুব ছোবহানী লাকসাম প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক। তিনি দৈনিক মাতৃছায়া পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি এবং বাংলা নিউজ টুয়েন্টি ফোরের ডিজিটাল বিভাগের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি ‘LaKsam (City News)’ নামে একটি ফেসবুক পেজ ও একই নামে একটি অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করেন।
অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে তিনি হুমকির শিকার হয়েছেন। অভিযুক্ত মনজুরুল হকের বাড়ি পাশের নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামে।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর লাকসাম কলেজের এক ছাত্রীকে হেনস্তার ঘটনার বিষয়ে গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে নিজের পরিচালিত ‘লাকসাম সিটি নিউজ’ ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করেন সাংবাদিক ছোবহানী। ওই পোস্টকে কেন্দ্র করে প্রথমে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এবং পরে ফেসবুক পেজের ইনবক্সে তাঁকে অশালীন ভাষায় গালাগাল করা হয়। একই সঙ্গে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন সাংবাদিক ছোবহানী। তিনি জানান, বিষয়টি নিয়ে লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করলে তাঁরা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী বলেন, মনজুরুল হকের হুমকি, ধমকি ও অশালীন আচরণের বিষয়ে আমার কাছে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে। আমি প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রয়োজনে এ ঘটনায় সাইবার ট্রাইব্যুনালে মামলা করব।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনজুরুল হকের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।