তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে
খাদেমুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়!
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি। কয়েকদিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হিমেল বাতাসে বাড়ছে ঠান্ডা। এরই মধ্যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার সকালে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালে হালকা কুয়াশার মধ্য দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়লেও ভোরে কাজে বের হওয়া দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক এবং কৃষকদের ঠান্ডার মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ে। রাত থেকে ভোর পর্যন্ত গায়ে চাদর বা কাঁথা জড়াতে হচ্ছে।
শীতের আমেজে স্থানীয় বাজারে বাড়ছে মৌসুমি পিঠার আয়োজন। সন্ধ্যার পর ভাপা ও চিতই পিঠার দোকানে ভিড় করছেন ক্রেতারা। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যে সর্দি-কাশিসহ বিভিন্ন শীতজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এসব সমস্যা নিয়ে শিশু ও বয়স্কদের উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান হিমেল বাতাস ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ২০:৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।