স্কটল্যান্ডের এডিনবরায় জমজমাট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’
নিজস্ব প্রতিবেদক:ঢাকা
প্রবাসের মাটিতে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, বাউল ও লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরতে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’। গত ১৫ অক্টোবর দ্য ডিন হলে আয়োজিত এই উৎসবে বাউল ও লোকসংগীতের সুরের মূর্ছনায় মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার স্কটল্যান্ড শাখা এই উৎসবের আয়োজন করে। এতে প্রধান পৃষ্ঠপোষকতা প্রদান করে রিগ্যাল ইডি লিমিটেড।
আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কিংবদন্তি শিল্পীরা
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই প্রথিতযশা শিল্পী সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ-এর পরিবেশনা। তাঁদের মনোমুগ্ধকর গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং প্রবাসে থেকেও দেশীয় সংস্কৃতির শেকড়ের সঙ্গে মেলবন্ধন তৈরি করে।
বিশিষ্ট অতিথিদের উপস্থিতি
উৎসবের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল ড. অলিদ তসর উদ্দিন এবং স্কটিশ পার্লামেন্টের সদস্য (এমএসপি) ফয়সাল চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গোলাম মোস্তফা, আব্দুর রহিম জাকির, গোলাম আনিস চৌধুরী, আলমগীর কবির, মোয়াজ্জেম হোসেন, আহমেদ আলী যুব, দীন মোহাম্মদ, আতাউর রহমান ও আবুল কালামসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।
সফল আয়োজনের নেপথ্যে যাঁরা
রিগ্যাল ইডি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, স্কটল্যান্ড শাখার আহ্বায়ক শাহ্ ইমদাদুল হক এবং সংগঠনটির নবগঠিত নির্বাহী কমিটির সভাপতি মিরোস্লাভা হক ইগনদোভার সার্বিক নেতৃত্বে এই উৎসব সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আজিম মাহমুদ সুমনসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উৎসবের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাঁদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন জেমস রোজারিও, রাজা সেলিম, রবিন হোসেন, কল্যাণ চক্রবর্তী, নন্দন বড়ুয়া ও শামস আফরোজ প্রিন্তু। এছাড়া প্রচার, আপ্যায়ন, যোগাযোগ ও সার্বিক সহযোগিতায় ছিলেন নাজমুল আহসান, শুভ রহমান খান, রফিকুল ইসলাম, মি. বাদল, আলাউদ্দিন আলো, ইলিয়াস রহমান খান ও মোমিনুর রহমান।
আয়োজকদের পক্ষ থেকে ইউকেএমসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান জাহিদুল ইসলাম এবং ইউকেএমসির হেড অব বিজনেস শফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা বাড়ানোর প্রত্যাশা
বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক, লেখক ও লালন গবেষক সরদার হীরক রাজা এই আয়োজন সফল করতে যারা শ্রম ও সময় দিয়েছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বাউল ও লোকসংগীতের ঐতিহ্য স্কটল্যান্ডসহ পুরো বিশ্বে আরও বেশি পরিচিত হবে। প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সেতুবন্ধন তৈরিতে এসব উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’ সফলভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসারে শিল্পী, সংগঠক ও প্রবাসী কমিউনিটির সম্মিলিত উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো।