এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলা যুবদলের আয়োজনে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্তিশালী সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আগামী দিনেও দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মনোহরগঞ্জের যোগাযোগব্যবস্থা নিয়ে তিনি বলেন, এ উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থা এখনো অনেকটা নাজুক। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ছাড়া বাস চলাচলের উপযোগী আর কোনো আঞ্চলিক সড়ক নেই। এ সমস্যা সমাধানে জাতীয় সংসদে মনোহরগঞ্জে নতুন করে দুটি হাইওয়ে সড়ক অনুমোদনের জন্য কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ইনশাআল্লাহ, খুব শিগগিরই এর সুফল দেখতে পাবেন এলাকাবাসী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আলী মর্তুজা ও জহিরুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু ও মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহরুল আলম বাবর ও জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন বিল্লাল এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।