ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে পীরগঞ্জে প্রশিক্ষণ, ৩৫ জন পেলেন ট্যাব

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম আরও গতিশীল করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ এবং ট্যাব বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পীরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের মধ্যে ট্যাবসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নির্ভুল তথ্য সংগ্রহের পদ্ধতি ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাঁরা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাবসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ তুলে দেন।

সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে উপযুক্ত উপকারভোগী নির্বাচন ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উপকরণ প্রদানের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাই কার্যক্রম আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।