বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মামলাটির বিচার শুরু হলো।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় গঠন করা ট্রাইব্যুনালেই এই বিচার শুরু হলো। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় বিচার শুরুর প্রথম ঘটনা এটি।।
এ মামলায় গ্রেফতারকৃত একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে দায় স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন।
- অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল মি. মামুনের বক্তব্য জানতে চাইলে ট্রাইব্যুনালের কাঠগড়া থেকে তিনি মাইক্রোফোনে নিজের বক্তব্য তুলে ধরেন।