উদ্ভিদও শব্দের মাধ্যমে কথা বলে এবং পোকামাকড় সেই শব্দ শুনে প্রতিক্রিয়া দেখায় প্রকৃতির এই অসাধারণ যোগাযোগব্যবস্থার নতুন দিক উদঘাটন করেছেন বিজ্ঞানীরা। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই অভাবনীয় আবিষ্কার প্রকাশ করেছেন মঙ্গলবার (১৫ জুলাই)।

ইলাইফ জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ডিহাইড্রেটেড বা পানিশূন্য টমেটো গাছ থেকে নির্গত অতিস্বনক শব্দ শনাক্ত করতে পারে স্ত্রী পতঙ্গ। এসব সংকেত ব্যবহার করে তারা ডিম পাড়ার জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করে। গবেষণায় দেখা গেছে, সাধারণত পতঙ্গরা এমন গাছে ডিম পাড়ে, যেখান থেকে জন্ম নেওয়া লার্ভারা খাদ্য সংগ্রহ করতে পারবে।

গবেষণাটি পরিচালনা করেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ওয়াইজ ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সেসের অধ্যাপক ইয়োসি ইয়োভেল ও লিলাচ হাদানির গবেষণাগারে রিয়া সেল্টজার এবং গাই জের এশেল। তাদের ভাষ্য, ‘আমরা প্রথমবারের মতো উদ্ভিদ ও পতঙ্গের মধ্যে শব্দের মাধ্যমে যোগাযোগের প্রমাণ পেলাম।

এর আগের গবেষণায় প্রমাণ পাওয়া গিয়েছিল, চাপের মধ্যে পড়লে উদ্ভিদ অতিস্বনক শব্দ নির্গত করে। নতুন এই গবেষণা সেই ধারাবাহিকতায় আরও এক ধাপ এগিয়েছে।

মানুষ এই অতিস্বনক শব্দ শুনতে না পারলেও অনেক পতঙ্গ এবং বাদুড়সহ কিছু স্তন্যপায়ী প্রাণী তা শুনতে সক্ষম। গবেষকরা পরীক্ষার জন্য দুটি সুস্থ টমেটো গাছ বেছে নেন। একটি গাছে স্পিকার সংযুক্ত ছিল, যা শুকিয়ে যাওয়া গাছের রেকর্ড করা শব্দ বাজাচ্ছিল, অন্যটি ছিল নীরব। দেখা যায়, স্ত্রী পতঙ্গগুলো নীরব গাছকে ডিম পাড়ার জন্য বেশি পছন্দ করে।

গবেষক হাদানি বলেন, আমরা দেখেছি, কিছু প্রাণী এই শব্দ বুঝতে পারে। এটা শুধুই শুরু। আরও অনেক প্রাণী বিভিন্ন উদ্ভিদের সংকেতে সাড়া দিতে পারে বলে আমাদের ধারণা।

বিশেষজ্ঞদের মতে, উদ্ভিদ-প্রাণীর এই শব্দভিত্তিক যোগাযোগ ভবিষ্যতে কৃষি ও কীটনিয়ন্ত্রণ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।