বিএনপির নেতাকে ফুলের মালা পরিয়ে সমালোচনার মুখে পড়া শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে নড়িয়া থানা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন সুরুজ উদ্দিন, এমন একটি ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে আলোচনা–সমালোচনা। এ নিয়ে ‘বিএনপি নেতাকে ফুলের মালা পরিয়ে আবারও আলোচনায় পুলিশ কর্মকর্তা’ শিরোনামে গত মঙ্গলবার ভিবিন্ন  অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।

 

সুরুজ উদ্দিনকে নড়িয়া থেকে গোপালগঞ্জ জেলায় সংযুক্ত করার তথ্যটি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্যা।

সুরুজ উদ্দিন আহম্মেদ এর আগে ২০২৩ সালের ১৫ জুন শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত থাকা অবস্থায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন। শরীয়তপুরের নাওডোবা বাজারের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক নেওয়ার ও একটি ছিনতাই মামলার ৪ আসামিকে পিটিয়ে আহত করার অভিযোগে ওই সময় তিনি সাময়িক বরখাস্ত হন। পরে তাঁর বরখাস্তের আদেশ প্রত্যাহার হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সুরুজ উদ্দিনকে গোপালগঞ্জ জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে আমরা ওই আদেশের কপি পেয়েছি। এরপর তিনি শরীয়তপুর থেকে গোপালগঞ্জে চলে গেছেন।’