বান্দরবানের আলীকদম উপজেলায় বন্ধুর অসাবধানতায় ছোড়া গুলিতে প্রাণ হারালেন ঢাকার এক তরুণ পর্যটক। সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম চাল্লেতলি এলাকার এক জুমঘরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত পর্যটকের নাম ত্বহা বিন আমীন (২৪), তিনি ঢাকার ডেমরা থানাধীন মো. আলামীনের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ জুলাই ত্বহা তার চার বন্ধু সাইফুল, মেরাজ, মিনহাজ ও মীর মাহদী হাসান নাবিলকে নিয়ে পর্যটক তথ্যকেন্দ্রে কোনো ধরনের অবহিতকরণ ছাড়াই আলীকদম উপজেলার মাতামুহুরী রিজার্ভ এলাকায় প্রবেশ করেন। পরবর্তীতে তারা কুরুকপাতা ইউনিয়নের তরনী পাড়া এলাকায় একটি জুমঘরে রাত্রিযাপন করেন।

সোমবার সকালে জুমঘর থেকে ঘুম থেকে উঠে তারা স্থানীয় এক ম্রো সম্প্রদায়ের শিকারি বন্দুক নিয়ে ছবি তুলতে থাকেন। এ সময় মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগারে চাপ দিলে সেটি থেকে গুলি ছুটে গিয়ে ত্বহার বুকে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ত্বহা।

স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি তরনী ঝিরি পার হয়ে মাতামুহুরী নদীর চর পর্যন্ত নিয়ে আসা হয়। পরবর্তীতে আলীকদম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন্দুকসহ মৃতদেহ উদ্ধার করে এবং ত্বহার সঙ্গে থাকা চার বন্ধুকে হেফাজতে নেয়।

আলীকদম থানার এসআই শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রোর মাধ্যমে পুলিশ প্রথমে ঘটনাটি সম্পর্কে অবগত হয়। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত সম্পন্ন করে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।