এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGS) স্কিমের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি,এইচএসসি,দাখিল ও আলিম পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মনোহরগঞ্জ উপজেলার ৩৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল মতিন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম এবং মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা হুজ্জাতুল ইসলাম।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের ১৬ জন, উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৬ জন এবং কারিগরি শাখার ৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ এবং যথাক্রমে ১০ হাজার ও ২৫ হাজার টাকার এককালীন বৃত্তি প্রদান করা হয়।
এই সম্মাননা শিক্ষার্থীদের মাঝে নতুন করে অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস যোগাবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা।