তৌহিদ হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ জেলা সদরে রেললাইন, সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ‘ঝিনাইদহ জেলা রেললাইন-মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ এন.এম. শাহজালাল, মানবাধিকার নেতা আমিনুর রহমান টুকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, এনজিও কর্মী শরিফা খানম, জেলা প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল, গাইনি বিশেষজ্ঞ ডা. মারফিয়া খাতুন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ঝিনাইদহ জেলা বহুদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত। এখানে রেললাইন না থাকায় অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হচ্ছে। জেলা সদর হাসপাতালে রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই। সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন এ জেলার মানুষের ন্যায্য অধিকার।”

তারা আরও বলেন, “ঝিনাইদহের বিশাল জনগোষ্ঠীকে উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগের আওতায় আনতে সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ দাবি বাস্তবায়নে টালবাহানা চলতে থাকলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে একাত্মতা প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা দাবি পূরণের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।