ইবির অ্যারাবিক ক্লাবের নেতৃত্বে হাফিজ-ইয়াছিন
ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অ্যারাবিক ক্লাব গঠিত হয়েছে। এতে বিভাগের শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজুল ইসলাম এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়াছিন আরাফাত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্লাব নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসারদের স্বাক্ষর সম্বলিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম ও মো. মাজিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির ফয়সাল ও আব্দুল মাজেদ।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আমান উল্লাহ ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রুম্মান সারওয়ার ও মো. আসাদ উল্লাহ।
নবনির্বাচিত সভাপতি মো. হাফিজুল ইসলাম বলেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অ্যারাবিক ক্লাবের যাত্রা শুরু হলো। সেই যাত্রায় নির্বাচনের মাধ্যমে আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ এক অনন্য সম্মান, এক মহান দায়িত্ব। আল্লাহর দরবারে আমি অন্তরের গভীরতা থেকে শুকরিয়া আদায় করছি।
তিনি আরও বলেন, আমি মনে করি এই সম্মান আমার একার নয়, এটি ক্লাবের প্রতিটি সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।ক্লাবের প্রতিটি সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ,ধন্যবাদ জানাই প্রত্যেককে, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করেছেন।