এসআই পরিচয়ে ধরা খাওয়া তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের আবু তালেবের মেয়ে।

শনিবার (৫ জুলাই) দুপুরে রিমান্ডের আবেদন জানিয়ে ওই নারীকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে জয়দেবপুর থানায় এ ঘটনা ঘটে।

এসআই পরিচয়ে ধরা খাওয়া তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের আবু তালেবের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, তানিয়া পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি তার নিজের ফেসবুক আইডিতে পুলিশের ইউনিফর্ম পরা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করতেন। তিনি বিবাহিত এবং এক ছেলের মা।

এক ব্যক্তির কাছে নিজের পাওনা টাকার বিষয়ে অভিযোগ দিতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। ছদ্মবেশে বোরকার নিচে পুলিশের পোশাক পরে তিনি থানায় প্রবেশ করেন। এ সময় নিজেকে উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দেন এবং একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। থানার কর্তব্যরত ডিউটি অফিসার নারীর কথাবার্তায় সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়। তখন জয়দেবপুর থানা পুলিশ নিশ্চিত হয় এসআই পরিচয় দেয়া নারী পুলিশ সদস্য নয়। এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম জব্দ করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ইউনিফর্মসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘তানিয়া নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি নিজেকে এসআই পরিচয় দিতেন। তার উদ্দেশ্য কি ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে, কোনো অপরাধে জড়িত ছিল কি না, এসব খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনিব্যবস্থা নেয়া হবে।’