
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির রাজনীতিতে নতুন করে ঐক্যের বার্তা দিয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলা। আনুষ্ঠানিকভাবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানু) রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় একটি রেস্তোরাঁর হলরুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সামিরা আজিম দোলা।
সংবাদ সম্মেলনে সামিরা আজিম দোলা বলেন,
দল ও দেশের বৃহত্তর স্বার্থে আমি ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে সরে এসে বিএনপির প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।তিনি দলের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,আমার বাবা প্রায় ২৫ বছর লাকসাম ও মনোহরগঞ্জে বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং সবসময় দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছেন। সেই ধারাবাহিকতায় দলের বৃহত্তর স্বার্থে তিনি স্বতন্ত্র প্রতীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করবে—ইনশা আল্লাহ। একই সঙ্গে তিনি নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণাঞ্চলের ছয়টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের সমন্বয়কের দায়িত্বে থাকা আমিন উর রশিদ (ইয়াছিন) দলীয় প্রার্থী ও তথাকথিত ‘বিদ্রোহী’ প্রার্থীদের মধ্যে সফলভাবে সমন্বয় সাধন করেছেন।
বিএনপির প্রার্থী আবুল কালাম বলেন, বিএনপি একটি বৃহৎ দল হওয়ায় মনোনয়ন প্রত্যাশা স্বাভাবিক বিষয়, তবে শেষ পর্যন্ত সবাই ঐক্যের মধ্যেই থাকে। সামিরা আজিম দোলা ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেওয়ায় তাকে আমরা সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, দলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার অঙ্গীকারের পাশাপাশি ঐক্যবদ্ধ লাকসাম–মনোহরগঞ্জ বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
এ সময় কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রশিদ আহমেদ হোসাইনী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু), কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সহ-সভাপতি শাহ সুলতান খোকন,সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান দোলন, সহ-সভাপতি এস এম মুনসুর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্ছু, দপ্তর বিষয়ক সম্পাদক জিএম আহসান উল্লাহ,যুব দলের আহবায়ক রহমত উল্লাহ জিকু,সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।