
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন কড়াকড়ি অবস্থান নিয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় খোলা বোতলে তেল বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অনুমোদন ছাড়া ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে অজিত পাল ও ধীরেন্দ্র ঘোষ নামে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ খালি বোতল, জার ও বিক্রির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
ইউএনও জাহিদ বিন কাসেম বলেন, “খোলা তেল বিক্রি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে সুযোগ পেলে কেউ নাশকতা ঘটাতে পারে। তাই এ ধরনের বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে মাধবপুর থানা পুলিশ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করেছে। রেলপথ, ঢাকা-সিলেট মহাসড়ক, ট্রেন স্টেশন ও গুরুত্বপূর্ণ ব্রিজ-কালভার্ট এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে পুরো এলাকায় কঠোর নজরদারি চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয়রা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই পদক্ষেপে অগ্নিকাণ্ড ও নাশকতার ঝুঁকি অনেক কমে গেছে এবং জননিরাপত্তা আরও জোরদার হয়েছে।