
নিজস্ব প্রতিনিধি : জিশান
সড়ক দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে চট্টগ্রামের লোহাগাড়া ও হাটহাজারীতে নির্মিত দুটি ট্রমা সেন্টার অবশেষে চালু হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রতিষ্ঠান দুটিতে জনবল ও যন্ত্রপাতির অভাবে পরিত্যাক্ত থাকার কারোনে এই প্রতিষ্ঠান দুটি চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
লোহাগাড়ায় প্রায় ৩.৮৫ কোটি ও হাটহাজারীতে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেন্টার দুটি যথাক্রমে ২০১৩ ও ২০২১ সালে উদ্বোধন হলেও সেবা কার্যক্রম শুরু হয়নি। চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুর্ঘটনায় আহতরা চিকিৎসার জন্য ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দৈনিক আইনের কণ্ঠ-কে বলেন, “সেন্টার দুটি সংস্কার করে দ্রুত চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত হবে।”
প্রতিটি সেন্টারে ২০ শয্যা, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ ৩৬টি পদে জনবল চাহিদা পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলেন, “সেন্টার চালু হলে প্রাণহানি কমবে, অনেকেই পঙ্গু হওয়া থেকে বাঁচবেন।”
দীর্ঘ অপেক্ষার পর সেন্টার দুটির চালু হওয়া দুর্ঘটনায় আহতদের জন্য আশার আলো হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।