
বিশেষ মাদকবিরোধী অভিযান ও চোরাচালান প্রতিরোধে ২০ বিজিবি’র সাফল্য: যৌন উত্তেজক সিরাপ ও অবৈধ কম্বল জব্দ।
হিলি প্রতিনিধি: সাদ্দাম হোসেন নয়ন
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর পৃথক দুটি সফল অভিযানে বাংলাদেশ তৈরি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং চোরাই পথে আনা কম্বল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ ভাইগড় বিওপির বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ২৯০ মেইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘গুচ্ছগ্রাম’ নামক স্থানে পাকা রাস্তার পাশে পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ১৪৪ পিস বাংলাদেশী যৌন উত্তেজক ‘নিশি’ (১০০ এমএল) সিরাপ আটক করতে সক্ষম হয় বিজিবি।
অন্যদিকে, একই দিনে জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনস্থ হিলিসিপি বিওপির একটি দল হিলি আইসিপি (ICP) গেইটে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা ৩টি মূল্যবান কম্বল জব্দ করা হয়।
বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা জানান, সীমান্তে সব ধরনের মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ২০ বিজিবির এমন কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।