
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিক ভাবে তাঁর নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।
সকালে তিনি পিতার কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করেন। এরপর দুপুর ১টার পর থেকে মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ধারাবাহিকভাবে পথসভা ও গণসংযোগে অংশ নেন তিনি।
পথসভাগুলোতে মো. আবুল কালাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড় দশকের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচনে সর্বস্তরের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে প্রস্তুত।
তিনি আরও বলেন, জনগণের সাথে সর্বত্র সৌহার্দ্যপূর্ণ আচরণ করে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। জবাবদিহিতামূলক রাজনীতি ও জনগণের পাশে থাকার মানসিকতা নিয়েই বিএনপি এগিয়ে যেতে চায়। সকল অপশক্তিকে প্রতিহত করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচ বছর দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু ও মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিনা আক্তার, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মহিন উদ্দিন ও সদস্য সচিব মাওলানা শামীমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।