
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে একটি বিশেষ যৌথ টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত মনোহরগঞ্জ বাজার, বাইশগাঁও বাজার, লক্ষণপুর বাজার ও খিলা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ‘হটস্পট’ এলাকায় এ টহল কার্যক্রম পরিচালনা করা হয়। টহলকালে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। একই সঙ্গে একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়।
মনোহরগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহমুদের নেতৃত্বে অনুষ্ঠিত এই যৌথ টহলে সেনাবাহিনী ও প্রশাসনের পাশাপাশি বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। এসময় দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
টহল চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস নীলিমা রায়হানা ও সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার সাধারণ জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা জানান এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। জনমনে আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনতে এবং অপরাধ দমনে এ ধরনের আধিপত্য বিস্তারকারী (Dominance) যৌথ টহল আগামীতেও অব্যাহত থাকবে।
এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব ও উস্কানিমূলক তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার এবং প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার জন্য সাধারণ জনগণকে পরামর্শ দেওয়া হয়।