
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৯ (মনোহরগঞ্জ–লাকসাম) আসনে শক্তি প্রদর্শন করল জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক বিশাল মোটরসাইকেল শোডাউন, যা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে লাকসাম স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় সংগঠনের তথ্য অনুযায়ী প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয়—যা সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সবচেয়ে বড় রাজনৈতিক শোডাউন বলে অনেকেই মনে করছেন।
দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান, প্ল্যাকার্ড আর জনতার উচ্ছ্বাসে পুরো রুটজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শোভাযাত্রাটি লাকসামের প্রধান সড়ক থেকে নরপাটি, আজগরা হয়ে মনোহরগঞ্জের খিলা, নাথেরপেটুয়া, বিপলাসার, লক্ষণপুর, বাইশগাঁও, হাসনাবাদ, মান্দারগাঁও, মনোহরগঞ্জ সদর, পোমগাঁও, শান্তির বাজার, বেরনাইয়া ও মুদাফরগঞ্জ প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
শোডাউনের পুরো সময় ছাদখোলা গাড়ি থেকে সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থী ড. সারওয়ার সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
দুর্নীতি ও অবিচারমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের প্রতিশ্রুতি। মানুষের শান্তি, নিরাপত্তা ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে ন্যায়শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।
তিনি আরও ঘোষণা দেন— নির্বাচিত হলে মনোহরগঞ্জ–লাকসামজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়ন, সন্ত্রাস ও মাদক দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, এবং জনকল্যাণে টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
শোডাউনের পরিচালনায় ছিলেন লাকসাম পৌরসভার আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী।
এছাড়া বক্তব্য দেন—
সাবেক সচিব এফএম সোলাইমান চৌধুরী
এডভোকেট বদিউল আলম সুজন
বিজনেস ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ
এ সময় আরও উপস্থিত ছিলেন—
লাকসাম উপজেলা আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এত বড় গণসমাবেশ ও জনপ্রতিসাদ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে।