
খুলনা কয়রার দক্ষিণ বেদকাশীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার।
নিজস্ব প্রতিনিধি: জিসান
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক শাহিনুর ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার নগরীর একটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে মিছিলের প্রস্তুতির সময় তাকে ঘেরাও করে আটক করে। এসময় আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানে অংশ নেওয়া এক দায়িত্বশীল কর্মকর্তা দৈনিক আইনের কণ্ঠকে জানান, “রুবেলের বিরুদ্ধে একাধিক গোপন অভিযোগ ছিল। আমরা নজরদারিতে রেখেছিলাম। শনিবারে দুপুরে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী দৈনিক আইনের কণ্ঠকে বলেন, “ঘটনা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পুলিশ এসে তাদের চারপাশ ঘিরে ফেলে। পুরো ঘটনাটি মুহূর্তের মধ্যে ঘটে যায়।”
গ্রেফতার অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তারা দৈনিক আইনের কণ্ঠকে জানিয়েছেন, “এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ থামাতে হলে কঠোর পদক্ষেপ প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান এলাকায় নিরাপত্তা ফিরিয়ে আনবে বলে আমরা আশা করি।”
গ্রেফতারকৃত শাহিনুর ইসলাম রুবেলকে বর্তমানে থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।