
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মনোহরগঞ্জ বাজারে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাধারণ মানুষ শোষণের শিকার হয়ে আসছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও আজও দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করতে পারছে না। ক্ষমতা যেভাবেই অর্জিত হোক না কেন, তার অপব্যবহার বারবার জনগণের অধিকারকে ক্ষুণ্ন করেছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান গড়ে ওঠে, তার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই আসন্ন গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি মনোহরগঞ্জ উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের মূল উৎপাটনের মধ্য দিয়েই একটি সাম্যের ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় বিশেষ বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম।
সংগঠনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট আশিকুর রহমান শামীমের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মিয়াজিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।