
গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে আরএসজিটি পরিচালিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালের
(পিসিটি) কনটেইনার হ্যান্ডলিং জটিলতা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিএমইএ’র পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন প্রথম সহ-সভাপতি Salim Rahman।
তিনি পিসিটিতে এলসিএল কনটেইনার আনস্টাফিংয়ে অতিরিক্ত সময় লাগার বিষয়টি উল্লেখ করে দ্রুত সমাধানে বন্দর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
উক্ত সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, পিসিটিতে এলসিএল কনটেইনার আনস্টাফিং ২৪–২৫ দিন পর্যন্ত সময় নিচ্ছে, যেখানে স্বাভাবিক সময় ৩–৭ দিন। এর ফলে লিড টাইমে মারাত্মক প্রভাব, রপ্তানি আদেশ বাতিল, এয়ার শিপমেন্ট ব্যয় এবং স্টকলট ঝুঁকি বাড়ছে। তিনি পিসিটির সক্ষমতা বিবেচনা করে মাসিক জাহাজ বার্থিং সংখ্যা কমানোর প্রস্তাব দেন।
একইসাথে উল্লেখ করেন, পিসিটির লেবার চার্জ চট্টগ্রাম বন্দরের তুলনায় ৩–৪ গুণ বেশি, যা যৌক্তিক ও গ্রহণযোগ্য হারে নির্ধারণ করা জরুরি।
সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, মার্কস লাইন বাংলাদেশ লি. প্রতি মাসে প্রায় ৪টি জাহাজ আনছে, যেগুলোর এলসিএল কনটেইনার আনস্টাফিংয়ে দ্বিগুণ সময় লাগছে। এর ফলে রপ্তানিতে বিলম্ব ও অতিরিক্ত খরচ হচ্ছে। তিনি দ্রুত সমাধানে বন্দর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বন্দর চেয়ারম্যান জানান, আগামী এক মাস পিসিটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে যেখানে সমস্যাগুলো সরাসরি জানানো যাবে। পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
PCT ম্যানেজমেন্ট তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে:
তারা সমস্যাগুলো দুই ধাপে সমাধান করবে।
=> ১ মাসের মধ্যে বর্তমান এলসিএল আনস্টাফিং ব্যাকলগ সম্পূর্ণরূপে দূর করা হবে।
=> ৬ মাসের মধ্যে ফুল অপারেশনের ফেজ–১ সম্পন্ন করা হবে।
=> ২০২৬ সালের জুন মাসের মধ্যে ফেজ–২ সম্পন্ন করে পূর্ণাঙ্গ সক্ষমতা অর্জন করা হবে।
Maersk Line আলোচনায় জানিয়েছে:
=> তারা শুধুমাত্র পিসিটির সক্ষমতা অনুযায়ী জাহাজ বার্থ করবে।
=> অতিরিক্ত জাহাজ চট্টগ্রাম বন্দরের অন্যান্য সুবিধায় ডাইভার্ট করা হবে এবং সেখানেই বার্থিং ও আনস্টাফিং সম্পন্ন হবে।
সভায় বিজিএমইএ পরিচালক সাইফ উল্লাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, সিপিএ সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ, সিপিএ সচিব মোহাম্মদ ওমর ফারুক, আরএসজিটি’র অ্যান্ডি লেইন ও আরিফ সরওয়ার, মার্কস লাইন বাংলাদেশ লি.র মাহমুদুল করিম ও বঙ্কেশ দাশ, কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শওকত আলী, এবং পরিবহন সংগঠনের মো. আলমগীর হোসেন বাবুলসহ অনেকে উপস্থিত ছিলেন।