
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো অপপ্রচারে কান না দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার (২৫ জুলাই) বন্দরের কেমিক্যাল শেড উদ্বোধন শেষে তিনি বলেন, “চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পদ। এটি দেশের স্বার্থেই ব্যবহৃত হচ্ছে ও হবে। আন্তর্জাতিক অঙ্গনে যেতে হলে দক্ষতা ও প্রযুক্তির বিকল্প নেই।”
এনসিটি পরিচালনা প্রসঙ্গে তিনি জানান, “১৭-১৮ বছর যারা দায়িত্বে ছিলেন তারা খারাপ করেননি। তবে দক্ষতা বাড়াতে ড্রাইডককে ইন্টারিম দায়িত্ব দেওয়া হয়েছে। এতে ইতিবাচক পরিবর্তন এসেছে।”
ট্যারিফ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “১৯৮৬ সালের পর কোনো বাড়তি চাপ আসেনি। এখনো মোংলার চেয়েও কম হারে রয়েছে। যৌক্তিক আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত।”
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা দৈনিক আইনের কণ্ঠকে বলেন, “পরিবর্তন আসলেও নিয়ন্ত্রণ থেকে যাচ্ছে আমাদের হাতেই। বন্দর ব্যবস্থাপনায় সার্বিক উন্নয়নই মূল লক্ষ্য।”