
জোট হলেও আছি, জোট না হলেও নির্বাচনে আছি— এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। দলীয় কার্যালয়ে প্রার্থী ঘোষণার পরদিন রোববার সাংবাদিকদের তিনি বলেন, “জমিয়ত জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে কিনা সেটি দলের সিদ্ধান্ত। তবে আপাতত আমাদের সিদ্ধান্ত— নির্বাচনে আছি। এজন্য মাঠে প্রার্থীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।
শনিবার ঘোষিত প্রার্থী তালিকায় দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই কানাইঘাটে একাধিক সমাবেশ করেছেন। ২০১৮ সালে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির সমর্থনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারেননি এবং সে নির্বাচন নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
জোটবদ্ধ নির্বাচনের প্রসঙ্গে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, “এ বিষয়ে দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা হবে। জমিয়ত স্বল্প আসনে জোটে শরিক হতে চায় না। দলের স্বার্থে উপযুক্ত আসন পেলে জোট হতে পারে, নতুবা এককভাবে নির্বাচন করব।
সিলেটে জমিয়তের শক্তিশালী ভোটব্যাংক রয়েছে, বিশেষত সিলেট-৪ ও সিলেট-৫ আসনে মাদ্রাসাকেন্দ্রিক ভোটের প্রভাব স্পষ্ট। সম্প্রতি বিভক্ত দুই জমিয়ত ঐক্যবদ্ধ হওয়ায় সিলেট অঞ্চলে দলটির অবস্থান আরও মজবুত হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৭টিতে প্রার্থী ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার বিকালে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন:
সিলেট জেলা: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) হোসাইন আহমদ, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) নজরুল ইসলাম, সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) মুহাম্মদ আলী, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) ফখরুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা: সুনামগঞ্জ-১ (তাহিরপুর-ধর্মপাশা-জামালগঞ্জ-মধ্যনগর) তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-2 (দিরাই-শাল্লা) শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) হাম্মাদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) মুখলিসুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নুরুল হক।
মৌলভীবাজার জেলা: মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) বদরুল ইসলাম, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) শেখ নূরে আলম হামিদী।
হবিগঞ্জ জেলা: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) সিদ্দিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) এখলাছুর রহমান, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) মাহবুবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নুরুজ্জামান আসাদী।
সিলেট-১ ও মৌলভীবাজার-২ আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।