
পানি ছাড়া বাঁচা সম্ভব নয়, এটা সবার জানা। কিন্তু রোজ আসলে কতটা পানি পান করবেন, সে বিষয়ে কি ভেবেছেন? অনেকে হয়তো মনে করেন, যত বেশি পানি পান করব, তত ভালো। একটি প্রচলিত ধারণা আছে, সুস্থ থাকতে প্রতিদিন আট গ্লাস পানি পান করা উচিত। যদিও শরীরকে সচল রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। তবে প্রতিদিন আট গ্লাস পানি পান করার কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাহলে প্রতিদিন ঠিক কতটা পানি পান করা প্রয়োজন?
মানুষভেদে পানির চাহিদা ভিন্ন ও তা বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে। যেমন, কতটা ব্যায়াম বা পরিশ্রম করেন, এলাকার আবহাওয়া কেমন, কী ধরনের খাবার খাচ্ছেন এবং স্বাস্থ্যের অবস্থা কেমন। এসব কারণে প্রতিদিন আট গ্লাস পানি পান করার হিসাব সবার জন্য প্রযোজ্য নয়।
আমাদের শরীরে যখন পানির প্রয়োজন হয়, তখন তৃষ্ণা লাগে। তৃষ্ণা পেলেই আমরা দ্রুত দেহের হারানো তরল পেতে পারি। শরীরে কতটুকু পানির দরকার, তা নির্ভর করে উচ্চতা ও ওজনের ওপর। ২০১৮ সালের একটি গবেষণা অনুযায়ী, বয়স ভেদে শিশু থেকে বয়স্কদের পানির চাহিদা ভিন্ন হয়।