1. dailyainerkantho@gmail.com : admin :
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খুন, করিমগঞ্জে বাবাসহ ৩ জনের ফাঁসি। - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:২০|

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খুন, করিমগঞ্জে বাবাসহ ৩ জনের ফাঁসি।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 181 Time View

 

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খুন, করিমগঞ্জে বাবাসহ ৩ জনের ফাঁসি।

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ একই পরিবারের ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মোছা. নাজমুন্নাহারকে বেকসুর খালাস দেয়া হয়।

বুধবার (০৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব আদালতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের ভাটিয়া জহিরকোনা গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে আনোয়ারুল ইসলাম আঙ্গুর, তার ভাই খুর্শিদ মিয়া ও ভাতিজা সাদেক মিয়া। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, আনোয়ারুল ইসলাম আঙ্গুরের সাথে জমিজমা নিয়ে একই এলাকার আবুবকর সিদ্দিকসহ কয়েকজনের সাথে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গত ২০১৬ সালের (১০ আগস্ট) আঙ্গুর ও তার ভাই-ভাতিজা মিলে আঙ্গুরের মেয়ে মীরা আক্তার আসমাকে ছুরিকাঘাতে হত্যা করে তার লাশ বাড়ির পেছনে জঙ্গলে ফেলে রাখে। এ ঘটনায় পরদিন (১১ আগস্ট) আঙ্গুর বাদি হয়ে আবুবকরসহ ১৬ জনের নামে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু তদন্তকালে পুলিশ হত্যার সাথে মীরার বাবা আনোয়ারুল ইসলাম আঙ্গুরসহ কয়েকজন স্বজন জড়িত থাকার প্রমাণ পায়। তাই হত্যা মামলায় আসামিদের জড়িত না থাকায় ২০১৭ সালের (০৩ সেপ্টেম্বর) আদালতে ফাইনাল রিপোর্ট দেয়া হয়।

এ ঘটনায় ২০১৭ সালের (০৩ সেপ্টেম্বর) করিমগঞ্জ থানার এসআই অলক কুমার দত্ত বাদি হয়ে নিহত মীরার বাবা আনোয়ারুল ইসলাম আঙ্গুর, তার ভাই খুর্শিদ মিয়া, ভাতিজা সাদেক মিয়া ও আঙ্গুরের স্ত্রী মোছা. নাজমুন্নাহারকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বুধবার (০৬ আগস্ট) দুপুরে রায় ঘোষণা করেন।

আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন এ রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com